জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে সরকার : পরিবেশ মন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য দক্ষিণ বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডের ১ হাজার ৭৩৮ বর্গ কিলোমিটার এলাকা মেরিন প্রটেকটেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন প্রজাতির বিপন্ন সামুদ্রিক ডলফিন, তিমি ও হাঙ্গরের সংরক্ষণ ও বংশ বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।

রবিবার সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাগরে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টিকারী সংগঠন সেভ আওয়ার সি’র উদ্যোগে আয়োজিত ‘আন্ডারওয়াটার ন্যাচার এক্সিবিশন এন্ড ডিসকাশন’ শীর্ষক এক অনুষ্ঠানে অনলাইনে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


মো. শাহাব উদ্দিন বলেন, সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য মেরিন প্রটেকটেড এরিয়া হিসেবে ঘোষণা করার কার্যক্রম চলমান রয়েছে। বঙ্গোপসাগরে জলজ জীববৈচিত্র্য বিশেষ করে ডলফিন সংরক্ষণের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরো পুড়ন : শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারি, অ্যাকুয়াকালচার এবং মেরিন সায়েন্স বিভাগের ডিন প্রফেসর ড. কাজী আহসান হাবিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুসলেম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রাকিব আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীনেশ চন্দ্র সাহা এবং ব্লু ইকোনমি গবেষক ড. দিলরুবা চৌধুরী। ওয়েবিনারটি সঞ্চালনা করেন সেভ আওয়ার সি’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ারুল হক।

ইত্তেফাক/ইউবি