আইপিএল
স্পোর্টস ডেস্ক
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত শনিবার রাতে কলকাতার জয়ে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন শুভমান গিল। ম্যাচে তার ব্যাটিং শৈলী দেখে শুরু হয়েছে স্তুতির জোয়ার।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান ম্যাচ শেষে গিলের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তিনি বলেন, ‘সত্যি বলতে, তাকে খুব বেশি কিছু বলতে হয়নি আমার। নিজের খেলা খুব ভালো বোঝে সে। তার ব্যাটিং দেখা চোখের জন্য শান্তি, ব্যাট সুইং ভালো। অলস একটা সৌন্দর্য আছে, দেখার জন্য দারুণ। খুবই ভালো ছেলে সে, শেখার জন্য খুবই ক্ষুধার্ত। তার সঙ্গে আবার ব্যাট করতে ভালো লাগবে আমার। আমার মনে হয়, সব সাফল্যই তার প্রাপ্য।’
এদিকে ম্যাচ চলার সময়ই মুগ্ধ কেভিন পিটারসেন টুইট করেন, ‘কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়া উচিত শুভমান গিলের।’ যদিও, গিলের স্ট্রাইক নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ করেন। কারণ, গিলের ইনিংসটি ছিল ৬২ বলে।
গিলকে নিয়ে উচ্ছ্বসিত কলকাতার অধিনায় দিনেশ কার্তিকও। তবে নেতৃত্ব দেওয়া বা এখনই চাপে জর্জর করে যাতে না ফেলা হয়, সেটি নিয়েও সতর্ক কলকাতার অধিনায়ক।
তিনি বলেন, ‘তরুণদের ভালো করতে দেখা দারুণ। আমি চাই, ক্রিকেটের পথ ধরে গিলের এই ভ্রমণ উপভোগ্য হোক। গোটা বিশ্ব কথা বলছে তাকে নিয়ে। এজন্যই আমি নিশ্চিত করতে চাই, সে যেন কোনো চাপ ছাড়া সামনে এগিয়ে যেতে পারে।’
গত বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়ে গেছে গিলের। তবে নিউ জিল্যান্ডে দুটি ওয়ানডে খেলে করতে পেরেছেন কেবল ১৬ রান। টেস্ট স্কোয়াডেও জায়গা পেয়েছেন, তবে খেলার সুযোগ হয়নি।
