শেখ হাসিনা দাবার পুরস্কার পেলেন বিজয়ীরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০৩

স্পোর্টস রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত জয়তু শেখ হাসিনা অনলাইন আন্তর্জাতিক দাবার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দাবার জন্য শিগগিরই অবকাঠামোসহ একটি স্থায়ী জায়গা ঠিক করার আশ্বাস দেন। সাউথ এশিয়ান দাবা ফেডারেশন এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনটি প্রতিটি বাঙালির জন্য এক মাহেন্দ্রক্ষণ। জন্মদিন উপলক্ষ্যে ৭৪ দাবাড়ুকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন সবার জন্যই অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে।’

অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন এশিয়ান চেস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিশাম আল তাহির। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জীবন ও নেতৃত্বের ওপর প্রামাণ্যচিত্র দেখানো হয়। কানাডিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৬ হাজার ডলার পুরস্কারের মধ্যে চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্ত পেয়েছেন ১২০০ ডলার। ১৪টি দেশের ১৭ জন গ্র্যান্ডমাস্টার অংশগ্রহণ করেন।