ঐচ্ছিক অনুশীলনে মুশফিক-তামিমরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭

স্পোর্টস রিপোর্টার

স্কিল ক্যাম্পে সাত দিন কাটানোর পর টানা তিন দিনের ছুটি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই সাত দিনে ছয়দিনই অনুশীলন করেছিলেন মুমিনুল-তামিমরা। শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের। ছুটি পেয়ে অনেক ক্রিকেটারই পরিবারের কাছে ফিরে গেছেন। জৈব সুরক্ষা বলয়ও ভেঙে গেছে। আবার অনেকে হোটেলেই রয়ে গেছেন।

তবে গতকাল ছুটির দিনেও অনুশীলন করেছেন কয়েক জন ক্রিকেটার। মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ব্যাটে-বলে পুরোদমে অনুশীলন করে ঘাম ঝরিয়েছেন তারা। বিসিবির মিডিয়া বিভাগ গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।

ঐচ্ছিক অনুশীলনে হাজির হয়েছিলেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুল, নাঈম হাসান, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। তাদের সঙ্গে হেড কোচ রাসেল ডমিঙ্গোও মাঠে এসেছিলেন। স্কিল ক্যাম্পে ক্রিকেটারদের তিন দিনের ছুটি শেষ হবে আগামীকাল।