স্পোর্টস ডেস্ক
গোটা ইউরোপে গত শনিবার রাতে যেন ভর করে বসেছিল একগাদা রোমাঞ্চ। পাঁচ, ছয়, সাত গোলের ‘থ্রিলার’ হয়েছে কমপক্ষে চারটি। যাতে শেষ হাসি হেসেছে বড় দলগুলোই। রিয়াল মাদ্রিদের সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান, আটালান্টা, ম্যানচেস্টার ইউনাইটেড। তিন গোলে পিছিয়ে পড়েও ড্র করেছে চেলসি।
ইন্টার শনিবার রাতে ফিওরেন্তিনার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা ফেরায় প্রথমার্ধের যোগ করা সময়ে। বিরতির পর ফ্রেদেরিকো কেরেচিনির আত্মঘাতী গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ইন্টার। তবে ৫৭ আর ৩৩ মিনিটে গায়েতানো ক্যাস্ত্রোভিলি আর ফ্রেদেরিকো চিয়েসার গোলে আবারও অগ্রগামিতা পায় ফিওরেন্তিনা। তবে ৮৭ আর ৮৯ মিনিটে রোমেলু লুকাকু আর দানিলো দাম্ব্রোসিওর লক্ষ্যভেদে জয় পায় ইন্টার। সিরি’আর অন্য ম্যাচে গেলবারের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালিস্ট আটালান্টা ১১ মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির গোলে পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষেও শুরুতে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৪৩ মিনিটে লুইস ডাঙ্কের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওলে গুনার সোলসারের শিষ্যরা। ৫৫ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়েই যায় দলটি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সলি মার্চ সমতা ফেরান। তবে একেবারে শেষ মুহূর্তে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টিতে ৩-২ ব্যবধানের জয় পায় ইউনাইটেড। ক্যালম রবিনসনের জোড়াগোল আর কাইল বার্টলির লক্ষ্যভেদে ২৭ মিনিটেই তিন গোলে পিছিয়ে পড়ে চেলসি। দ্বিতীয়ার্ধে তিন তরুণ ম্যাসন মাউন্ট, ক্যালম হাডসন ওডোই আর ট্যামি অ্যাব্রাহামের গোলে ৩-৩ ড্র করে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
