সালথা (ফরিদপুর) সংবাদদাতা
সালথায় পেঁয়াজের পর এবার পেঁয়াজের বীজের দামও বেড়েছে। কেজিপ্রতি বীজ পাঁচ থেকে ছয় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এতে এ বছর পেঁয়াজ চাষে কৃষকদের মধ্যে অনাগ্রহ দেখা যাচ্ছে। বছরের শেষ সময়ে পেঁয়াজের দাম বাড়ায় উপজেলার কৃষকরা খুশি হলেও বীজের দামে চিন্তিত হয়ে পড়েছেন। উপজেলার রঘুয়ারকান্দী গ্রামের পেঁয়াজচাষি হারুন মিয়া বলেন, গতবারের তুলনায় এ বছর পেঁয়াজ চাষ বেশি জায়গা জুড়ে করার পরিকল্পনা ছিল। তবে বীজের বাড়তি দামের কারণে সেটি সম্ভব হচ্ছে না। গত বছর এক কেজি দেশি পেঁয়াজের বীজ কিনেছি মাত্র ১ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ১ হাজার ৮০০ টাকা দিয়ে। এবার সেই বীজের কেজি ৫ থেকে ৬ হাজার টাকা করে কিনতে হচ্ছে। কোনো কোনো গৃহস্থ ব্যবসায়ী এর চেয়ে বেশি দামেও বীজ বিক্রি করছেন। তিনি আরো বলেন, পেঁয়াজের দাম বাড়লে সবার মাথাব্যাথা শুরু হয়। অথচ এখন দ্বিগুণ দামে পেঁয়াজের বীজ কিনতে হচ্ছে তা নিয়ে কারো মাথাব্যাথা নেই। বীজ ভান্ডার দোকান মালিক মো. বাচ্চু মিয়া জানান, এখনো কোম্পানির বীজ বাজারে আসেনি। তাই সঠিক দাম বলতে পারছি না। তবে গৃহস্থ ব্যবসায়ীরা ৫-৬ হাজার টাকা করে বিক্রি করা শুরু করেছে বলে শুনেছি। উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশ দাস বলেন, সালথায় মোট ছয়জন ব্যবসায়ী বিআরটিসির বীজ বিক্রি করেন। এবার প্রতিকেজি পেঁয়াজ বীজের দাম ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
