উখিয়া-টেকনাফ সড়ক সম্প্রসারণ কাজ
রফিক উদ্দিন বাবুল, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
বৃষ্টির মধ্যেই উখিয়া-টেকনাফ সড়কে ঢালাইসহ সম্প্রসারণ কাজ করার অভিযোগ উঠেছে। তাছাড়া সড়কের ওপরে বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজার লিংক রোড থেকে উখিয়ায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ ও ফায়ার সার্ভিস স্টেশন থেকে টেকনাফের উনচিপ্রাং পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ আলাদা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সড়কে বৃষ্টির পানির ওপরেই ঢালাই কাজ চলছে। কিছু কিছু অংশে জমাট বাধা বৃষ্টির পানি দেখা গেছে। তাছাড়া বৈদ্যুতিক খুঁটি আগের মতো রেখেই ঢালাই করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মরিচ্যার কিছু অংশ ও কোটবাজারসহ উখিয়ার আংশিক কাজ সম্পন্ন করে বাকি অংশ খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখ হয়েছে। কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। নির্মাণকাজ চলমান অবস্থায় সড়কের একপাশ দিয়ে সংকুচিত সড়কে যানবাহন চলাচল করায় অধিকাংশ সময় যানজট লেগে থাকে। উখিয়া সদর জিপ-মাইক্রোবাস-মিনিবাস মালিক শ্রমিক সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো জানান, বৃষ্টির মধ্যেই সড়কে ঢালাই কাজ করতে দেখা গেছে। এতে মানসম্পন্ন কাজ নিয়ে প্রশ্ন তৈরি হয়। তাছাড়া মরচেপড়া লোহাসহ সিমেন্ট, বালু, কংক্রিট যত্রতত্র ফেলা রাখা হয়েছে। তিনি প্রকল্পের কাজের ঢালাইসহ অন্যান্য কাজ যথাযথভাবে করার দাবি জানান। চলমান উন্নয়ন কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা জলিল আহমদ জানান, বৃষ্টির সময় কাজ না করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সড়কের বিভিন্ন স্থানে যে সব বৈদ্যুতিক খুঁটি রয়েছে ওই সব খুিঁট অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুতের সঙ্গে চুক্তি হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে খুঁটি সরিয়ে ফেলার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন
