মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
চলতি মৌসুমে টাঙ্গাইলের মির্জাপুরে ধান, চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ফলে খাদ্যসংকটের আশঙ্কা করা হচ্ছে।
মির্জাপুর উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মির্জাপুরে পৌরসভা ও ১৪ ইউনিয়নে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২৭ মেট্রিক টন। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৫৪৪ মেট্রিক টন। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৫০০ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে মাত্র ১০০ মেট্রিক টন। এ ব্যাপারে মির্জাপুর খাদ্য অফিসের খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সাব্বির আহমেদ বলেন, চলতি মৌসুমে সরকারি নির্ধারিত দামে ধান, চাল সংগ্রহ করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি, বন্যা, শ্রমিক সংকট ও বাজারমূল্য বেশি হওয়ায় কৃষকরা খাদ্য অফিসে এসে ধান, চাল দিতে আগ্রহী হচ্ছে না। মিলমালিকদের অনেক চাপ দেওয়া হচ্ছে। কিন্তু তারা নানা সংকট দেখিয়ে চাল দিচ্ছে না। ফলে ধান, চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
