ইত্তেফাক রিপোর্ট
বেওয়ারিশ কুকুর নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের শুনানি মুলতবি করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারীদের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। আদালতে রিটকারী পক্ষে আইনজীবী সাকিব মাহবুব ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন। সাকিব মাহবুব জানান, রিট পিটিশন দায়ের করার আগে থেকেই ডিএসসিসির মেয়রের সঙ্গে বসার জন্য চেষ্টা করছিলেন আবেদনকারীরা। ইতিমধ্যে মেয়র আজ বসার জন্য সময় দিয়েছেন। সেখানে আবেদনকারীসহ আন্দোলনকারীরা বৈঠকে উপস্থিত থাকবেন। এটি জানানোর পর আদালত রিটের শুনানি ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে।
