যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের তাগিদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

বিশ্ব পর্যটন দিবসে বরিশালে

আলোচনাসভা

বরিশাল অফিস

‘শাপলার বিল, পেয়ারা বাগান, ভাসমান বাজার, ঐতিহাসিক দুর্গাসাগরসহ বরিশালে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে; কিন্তু দুর্বল যোগাযোগব্যবস্থা আর পর্যাপ্ত অবকাঠামোসুবিধা না থাকায় আগ্রহ হারিয়ে ফেলছেন পর্যটকরা। পদ্মা সেতু, পায়রা বন্দর, রেললাইন এবং ফোরলেন ঘিরে এ অঞ্চলে ব্যাপক সম্ভাবনা রয়েছে পর্যটনের। তাই এখন থেকেই এ বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে পর্যটন করপোরেশনের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনাসভায় এসব সমস্যার কথা উঠে আসে। গতকাল রবিবার জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। উল্লেখ্য, গতকাল ছিল বিশ্ব পর্যটন দিবস।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুদা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঈন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, সাতলার শাপলার বিলে যাওয়ার সড়কটির অবস্থা শোচনীয় এবং প্রশস্ত নয়। শিগ্গরই এই সড়কটির উন্নয়ন ও সম্প্রসারণ কাজ হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী। সেখানে থাকা পানি উন্নয়ন বোর্ডের একটি বিশ্রামাগার সংস্কার করে পর্যটকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। এছাড়াও ঐতিহাসিক দুর্গাসাগর পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করতে পর্যটন করপোরেশনের বরাদ্দ দেওয়া ১৬ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের কাজ আগামী মাসে শুরু হবে বলে জানান তিনি। সভার শেষ পর্যায়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।