প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

খুলনা অফিস

গত ২৬ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের চতুর্থ পাতায় ‘খুলনা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে বিতর্ক তুঙ্গে’ শিরোনামের সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. মোস্তফা সরোয়ার। তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন, ‘প্রকাশিত সংবাদে আমাকে বঙ্গবন্ধুর মুর্যাল ভাঙচুর ও বিএনপির ডাকসাইটের নেতা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে—যা সম্পূর্ণ অসত্য। আমি কখনো বিএনপির রাজনীতি বা জাতির জনকের মুর্যাল ভাঙচুরের মতো জঘন্য ঘটনায় জড়িত ছিলাম না। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে এসব অপ্রচার চালাচ্ছে। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।’ 

প্রতিবেদকের বক্তব্য : গত ২১ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পাঠানো অভিযোগপত্রে প্রস্তাবিত কমিটিতে পদবঞ্চিত খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক ও রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল স্বাক্ষরিত খসড়া তালিকা থেকে বাদ পড়া সাবেক কমিটির ১৩ জন সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।