মার্কিন নির্বাচনে হ্যারি মেগানের হস্তক্ষেপে বিব্রত ব্রিটেনের রাজপ্রাসাদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিব্রত ব্রিটেনের রাজপ্রাসাদ। এজন্য তাদের সঙ্গে কীভাবে রাজপ্রাসাদের দূরত্ব বাড়ানো যায় তা নিয়ে আলোচনা চলছে বলে রাজপ্রাসাদের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। খবর ডেইলি মেইলের

সিনিয়র ঐ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের মাধ্যমে হ্যারি ও মেগান রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ‘মেগক্সিট’ নামের চুক্তির লঙ্ঘন ঘটিয়েছেন। নির্বাচন নিয়ে তাদের মন্তব্য রাজপ্রাসাদের সঙ্গে তাদের সম্পর্ক ঝুঁকির মুখে ফেলেছে। গত সপ্তাহে হ্যারি এবং মেগান যুক্তরাষ্ট্রে ভোটারদের উদ্দেশে বলেছিলেন, আপনারা ভুল তথ্য এবং            অনলাইনে নেতিবাচক প্রচারণায় বিশ্বাস করবেন না। এ মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে গেছে বলে মনে করা হচ্ছে। স্যান্ড্রিংহ্যাম চুক্তি অনুযায়ী, রাজপরিবারের সদস্য সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। গত মার্চে হ্যারি ও মেগান এ চুক্তিতে সম্মতি দিয়েছিলেন। কিন্তু এবার তারা সেই চুক্তি লঙ্ঘন করেছেন।