চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী (৭৫) করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, অধ্যাপক নূরুদ্দীন চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। উপাচার্যের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার মার্দাশা ইউনিয়নে। গতকাল রবিবার বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর মোমিন রোডের কদম মোবারক এতিমখানা মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান উপাচার্য প্রফেসর ডা. শিরিন আক্তার। এছাড়া তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, অধ্যাপক এ জে এম নূরুদ্দিন চৌধুরী ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চবি উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মার্কেটিং বিভাগের প্রথম বিভাগীয় সভাপতি ও হলের প্রাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
