সিরাজগঞ্জে পাচারের সময় ন্যায্যমূল্যের আট টন চালসহ আটক ৩

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৩০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে পাচারের সময় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ন্যায্যমূল্যের আট টন চালসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো—উল্লাপাড়া উপজেলার পাড় সোনতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাকচালক রুবেল, একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে হেলপার আলম এবং উপজেলার নাগ রৌহা গ্রামের কামরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।

ট্রাকভর্তি চালসহ তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এই চালগুলো চেয়ারম্যান সাইফুল ইসলামের সহযোগী ডিলার পেশকার আলী, আব্দুল হাই প্রামাণিক, আজম আলী ও আব্দুর রশিদের বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার কৈজুরী বাজার থেকে ১০ টাকা কেজি দরের ১৩৪ বস্তা আট মেট্রিক টন চাল পাচারের জন্য পশ্চিম পাশের বাঁধে ট্রাকে উঠানো হয়েছিল। তখন এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে গাড়ির চালক, হেলপারসহ তিন জনকে আটক করে। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। তখন স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলামসহ চাল পাচারকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কৈজুরী বাজার থেকে ডিলারদের এই চাল ১২ হাজার টাকা ভাড়া মিটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল উল্লাপাড়ার দিকে। উল্লাপাড়ার ব্যবসায়ী মনির তা ক্রয় করেছিল।