দেওয়াল ধসে একই খাটে দুই শিশুসহ দম্পতির মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

একই খাটে দুই শিশুকে নিয়ে বাবা-মা ঘুমিয়ে ছিলেন। হঠাত্ ভোররাতে মাটির ঘরের দেওয়াল ধসে পড়ে তাদের গায়ে। সকালে একই খাটে মেলে চার জনের মৃতদেহ। গতকাল পার্বতীপুরের পলাশাবাড়ী ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন—স্বপন সরকার (৩৫), তার স্ত্রী শরাজান বেগম (৩০), তাদের ছেলে হোসাইন (৯) ও হাসিবুল (৬)। হোসাইন দ্বিতীয় শ্রেণির ছাত্র।  মর্মান্তিক এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী গৃহবধূ হাফিজা খাতুন বলেন, ‘রাতে রিকশাচালক স্বপন সরকারের মাটির ঘরের দেওয়াল ভেঙে পড়েছে এমন খবর কেউ জানতেন না। সকালে স্বপনের ঘরের দেওয়াল ভেঙে পড়া তিনি দেখে চিত্কার করেন। এ সময় অন্য প্রতিবেশীরা এসে তাদের মরদেহ উদ্ধার করেন।’ তিনি আরো বলেন, ‘স্বপনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা আমজাদ আলী। হাফিজা খাতুনকে বিয়ে করে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার শ্বশুর আব্দুল ছাহেদ তাকে নিজ বাড়ি ছেড়ে দিয়ে ফুলবাড়ীতে বাস করছেন। স্বপন আগে রিকশা চালালেও কিছুদিন থেকে গ্রামে গ্রামে প্রসাধন সামগ্রী বিক্রি করতেন।’ 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোফাখ্খারুল ইসলাম বলেন, ‘মৃতদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী বলেন, ‘লাশগুলো দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।’ এ ঘটনায় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত              পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

মাগুরায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

এদিকে মাগুরা প্রতিনিধি  জানান,  গতকাল জেলা শহরের হাজীসাহেব রোডে একটি ড্রেন নির্মাণের সময় পাশের সীমানাপ্রাচীর ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অপর দুই জন আহত হয়েছেন। মৃতরা হলেন—রোমান হোসেন ( ২৮) ও রাসেল (২২)। মাগুরা সদর উপজেলার আলীধানী গ্রামের আমিরুল ইসলামের ও রাসেল পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) জয়নাল আবেদীন জানান, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’