মারা যাওয়া ৫ হাজার জনের ৪ হাজারই পুরুষ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

করোনা ভাইরাসে দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ১৬১ জনের মধ্যে ৩ হাজার ৯৯৬ জনই পুরুষ (৭৭ দশমিক ৪৩ শতাংশ) এবং ১ হাজার ১৬৫ জন নারী (২২ দশমিক ৫৭ শতাংশ)। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৫ জন।

দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন হলো। দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ১৬১ জনে দাঁড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের                 হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৭১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৫টি ল্যাবে ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ১০ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ২৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। ২০ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন রাজশাহী বিভাগের, চার জন খুলনা বিভাগের ও দুই জন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।