সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় আজ সোমবার ঘোষণা করবে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল। তিনি বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায়ের দিন ধার্য করেন। কারাগার থেকে সাহেদকে আদালতে হাজির করে এ মামলার রায় ঘোষণা করা হবে। আদালতের কাছে সাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কামনা করেছি।’

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তবর্তী এলাকা থেকে র্যাব সাহেদকে গ্রেফতার করে। গত ১৯ জুলাই সাহেদকে নিয়ে গভীর রাতে অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে সাহেদের ব্যক্তিগত একটি গাড়ি, একটি অবৈধ অস্ত্র ও ১৫ বোতল মদ উদ্ধার করা হয়। সে ঘটনায় সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। এছাড়া সাতক্ষীরায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে দেবহাটা থানায় দুটি মামলা করা হয়। সাহেদের রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪ হাজার করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে।

পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায়

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১২ অক্টোবর (সোমবার) ধার্য করেছে আদালত। গতকাল রবিবার  ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।

গত ২৪ সেপ্টেম্বর নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন। সুমনের পক্ষে আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর পাপিয়ার পক্ষে সাখাওয়াত উল্লাহ ভূঁইয়া যুক্তি উপস্থাপন শুরু করেন। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। আশা করছি, তারা খালাস পাবেন।

গত ২২ ফেব্রুয়ারি দেশ ছেড়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সহযোগীসহ পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আটক করে র্যাব। পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড জব্দ করে র্যাব।