ডেসটিনির রফিকুলের জামিন আবেদন খারিজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০২

কারাগারেই থাকতে হচ্ছে ডেসটিনির এমডি রফিকুল আমীনকে। সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের দুটি মামলায় অসুস্থতার যুক্তিতে তার জামিন চেয়ে করা দুটি আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদেশের পর রফিকুলের আইনজীবী সাইদ আহমেদ রাজা ডেসটিনির বর্তমানে কী পরিমাণ সম্পত্তি আছে তার মূল্য নিরূপনে অডিটের আবেদন জানান। তিনি বলেন, সম্পত্তি অডিট করা গেলে তার মূল্য কী পরিমাণ তা নির্ধারণ হত। প্রধান বিচারপতি বলেন, এখন আর অডিটের সুযোগ নেই।

৩৫ লাখ গাছ বিক্রি করে আড়াই হাজার কোটি টাকা প্রদানের শর্তে ডেসটিনির এমডি রফিকুল আমীনকে জামিনে মুক্তির আদেশ দিয়েছিল আপিল বিভাগ। তার আইনজীবীদের এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে এই আদেশ দেন আপিল বিভাগ। প্রায় চার বছর পেরিয়ে গেলেও ঐ আদেশ প্রতিপালন করেননি রফিকুল আমীন। এখন অসুস্থতার গ্রাউন্ডে নতুন করে জামিন আবেদন করেন তিনি।

সাড়ে ৩ হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ডেসটিনির এমডি রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ঐ মামলায় রফিকুল আমীনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১৩ নভেম্বর শর্তাসাপেক্ষে জামিনে মুক্তির আদেশ দেয়। ঐ আদেশে বলা হয়, ছয় সপ্তাহের মধ্যে ৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা জমা দিতে হবে সরকারি কোষাগারে। ঐ অর্থ জমা দেওয়ার কপি নিম্ন আদালতে দাখিল করলেই জামিন পাবেন ডেসটিনির দুই কর্ণধার রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন। আদেশে সরকারি কোষাগারে জমা দেওয়া এই টাকা ডেসটিনির মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে বিতরণ করার জন্য দুদক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। পরে এই আদেশ পুনর্বিবেচনা ও সংশোধন চেয়ে ২০১৭ ও ২০১৯ সালে দুই বার আবেদন করা হয়। কিন্তু আপিল বিভাগ তা খারিজ করে দেয়।