সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চতুর্থ প্রয়াণবার্ষিকীতে তার লেখা গান গেয়ে শ্রদ্ধা জানালেন শিল্পীরা। গতকাল রবিবার সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এ সংগীতাসর অনুষ্ঠিত হয়। সংগীত সংগঠন সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘আমি জন্মেছি বাংলায়’। পরিষদের ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় এ সংগীতায়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মাহমুদ সেলিম, পীযূষ ইসলাম, বর্ণালী সরকার ও শেখ হেমায়েত।
সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি গেয়ে শোনান মাহমুদ সেলিম। ‘আমি জন্মেছি বাংলায়/আমি বাংলায় কথা বলি/আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি/চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে ...। তার পরিবেশিত দ্বিতীয় গানের শিরোনাম ছিল ‘শুভ্র সত্যের পথে’।
পীযূষ ইসলাম শোনান ‘হায়রে মানুষ রঙিন ফানুস’। এছাড়াও এ শিল্পী গেয়ে শোনান ‘ তোরা দেখ দেখরে চাহিয়া’ ও ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’ গানগুলো। বর্ণালী সরকার গেয়ে শোনান ‘যার ছায়া পড়েছে’, ‘নদী বাঁকা জানি’ ও ‘ফুলের মালা পরিয়ে দিলাম’ শিরোনামের গান।
‘এই যে আকাশ এই যে বাতাস’ শিরোনামের গান দিয়ে পরিবেশনা শুরু করেন শেখ হেমায়েত। এছাড়াও এ শিল্পী পরিবেশন করেন ‘মুর্শিদ তোমার প্রেম নদীতে’, ‘তোমার সবই ছিল’ শীর্ষক সংগীত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী সুজিত মোস্তফা।
