সৌদি আরবকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:২৬

করোনা মহামারির কারণে আটকেপড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফেরত যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এ অনুরোধ করেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশের ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।