আর্মেনিয়া-আজারবাইজান আবার লড়াই, নিহত ১৬

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:২৭

আর্মেনিয়া ও আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে। এতে সামরিক ও বেসামরিক মিলিয়ে দুই পক্ষের অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার গুলি করে ফেলে দিয়েছে আর্মেনিয়ার বাহিনী। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দাবি করেছেন, আজারবাইজানই প্রথমে বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছিল। অন্যদিকে আজারবাইজান বলছে, তারা আর্মেনিয়ার হামলার জবাবে পালটা হামলা করেছে। তাদের অভিযোগ, পুরো রণক্ষেত্র বরাবর আর্মেনিয়া গোলা নিক্ষেপ করছিল। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধজয়ের অঙ্গীকার করেছেন। জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের কারণ ন্যায়সংগত এবং আমরাই জিতব।’ আর্মেনীয়দের দেশটির শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। —বিবিসি