খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৫

বিএনপির যুগ্মমহাসচিব ও আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তিনি নিজে খেতে পারছেন না। করোনা পরিস্থিতিতে দেশে স্বাভাবিক চিকিত্সা করা সম্ভব হচ্ছে না। মানবিক দিক বিবেচনায় সরকার বেগম জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেবে বলে আশাবাদী তার পরিবার।

খোকন বলেন, সরকার যদি চায়, চেয়ারপারসনের পরিবার আবেদন করলে দেশে অথবা বিদেশে তিনি উন্নতি চিকিত্সা নিতে পারবেন। সেক্ষেত্রে বেঁধে দেওয়া শর্ত তুলে নেওয়া হবে—এমন নিশ্চয়তা পেলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে।

গত শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত্ করেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাত ৮টার দিকে তিনি ফিরোজায় প্রবেশ করেন। খালেদা জিয়ার বিদেশে চিকিত্সা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ সংক্রান্ত আবেদনের বিষয়ে চেয়ারপারসনের সঙ্গে তিনি আলোচনা করেছেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ওনার শরীরের অবস্থা ভালো না। দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হাঁটতে ওনার কষ্ট হচ্ছে। একা একা হাঁটতে পারেন না। কারো সাপোর্টে হাঁটতে হচ্ছে। এ অবস্থায় আশা করছি সরকার স্বল্প সময়ের জন্য তাকে বিদেশে যেতে দেবেন।