‘এই গাইডলাইনে খেলা সম্ভব না’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৫২

শেষ পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়িয়েছিল, তাতে এটাই হওয়ার ছিল।

দুই পক্ষের অনমনীয় অবস্থান এবং কথা চালাচালির শেষে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল, এই অবস্থায় শ্রীলঙ্কা সফর করা সম্ভব না। গতকাল বিসিবি কার্যালয়ে এক বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, যে কোয়ারেন্টাইনের শর্ত ক্রিকেট শ্রীলঙ্কার কর্তৃপক্ষ দিয়েছিল, তা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা সম্ভব না।

বিসিবি সভাপতি বলেছেন যে, শ্রীলঙ্কার বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয়ের চেষ্টার কমতি ছিল না। কিন্তু যেভাবে কঠোর কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে, তা মেনে নিলে খেলোয়াড়দের ছন্দে ফিরতে দীর্ঘ সময় লাগবে। এই অবস্থায় খেলতে নামাটা অসম্ভব বলেই তারা মনে করছেন, ‘ওরা যে গাইডলাইনটা দিয়েছে এই গাইডলাইনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। এর পরেও ওদের ক্রিকেট বোর্ড, ওদের ক্রীড়া মন্ত্রণালয় অনেক চেষ্টা করেছে। কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিষয়টিই আসল ছিল। যেটাকে ওরা কোয়ারেন্টাইন বলছে, সেটা অন্যান্য জায়গা থেকে আলাদা। এটা পুরোপুরি আইসোলেশন। এই আইসোলেশনে ঘর থেকেই বের হওয়া সম্ভব না। এ অবস্থায় কোনো খেলোয়াড়ের পক্ষে ১৪ দিন থাকলে শারীরিক অবস্থা তো পরের ব্যাপার, মানসিক যে কন্ডিশনটা হবে সেখান থেকে ফিরে আসতে তো অনেক সময় লাগবে। এ অবস্থায় খেলা সম্ভব না সেটি আমরা আগেই বলে দিয়েছি।’

তবে এখানে সব আলোচনা শেষ হয়ে যাচ্ছে না। বিসিবি সভাপতি বলেছেন, এই সিরিজটা পুনরায় আয়োজনের সূচি করার জন্য তারা শ্রীলঙ্কাকে বলেছেন। কোভিড পরিস্থিতি ভালো হলে তারা সফরে যেতে পারবেন, ‘আমার মনে হয় আর কোনো সুযোগ নেই। কারণ আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বলেছি রিসিডিউল করতে। এর মানে এটা নিয়ে আর সময় নষ্ট করার দরকার নেই। ওরা যদি পারত তাহলে এর মধ্যেই পারত। বেশ কিছুদিন সময় চলে গেছে এর মধ্যে। আমরা শুধু বলেছি রিসিডিউল করতে, এটা এভাবে সম্ভব না। যখন পরিস্থিতি ভালো হবে, এমন কন্ডিশন যখন থাকবে না তখন আমরা খেলতে যাব।’

দলগুলোর মধ্যে এই সময়ে আফগানিস্তান এখন কোনো খেলার মধ্যে নেই। তাই একটা আলোচনা আছে যে, এই দলটাকে সফরে আনা যায় কি না। পাপন বলেছেন, ঘরোয়া ক্রিকেট ঠিকমতো চললে সেটা বিবেচনা করবেন তারা, ‘আফগানিস্তানকে আনা যায় না এমনটা না। আমি মনে করছি আগে অবস্থা দেখি, বিশ্ব পরিস্থিতির কী হয়। যদি দেখি আমাদের এখানে ঘরোয়া খেলাগুলো চালাতে পারছি সফলভাবে কোনো সমস্যা ছাড়া তাহলে তখন আমরা চিন্তা করতে পারি যে কোনো একটা দলকে আনা যায় কি না। কিন্তু এখনই আনতে চাচ্ছি না।’