সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। আগের কয়েক কার্যদিবসের মতো গতকাল লেনদেনের শুরুতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে লেনদেনের শুরুতে সূচকের বড় উত্থান হয়। তবে শেষ দিকে এসে বেশ কিছু প্রতিষ্ঠানের দরপতন হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩ পয়েন্টে উঠে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১২ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৫১টি এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।