স্থানীয় পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সিলিন্ডার উত্পাদনকারীদের মূল্য সংযোজন কর (ভ্যাট) বিদ্যমান ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আমদানিকৃত এলপিজি সিলিন্ডারের চেয়ে স্থানীয় উত্পাদনকারীরা বাড়তি কিছুটা সুবিধা পাবেন। এলপিজির সিলিন্ডার আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ বহাল রয়েছে। গতকাল এনবিআরের ভ্যাট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআর সূত্র জানায়, এর আগে এলপিজির সিলিন্ডার আমদানি ও উত্পাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি ছিল। গত বছর থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর উভয়ের ক্ষেত্রেই ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হয়ে যায়। আমদানির পর কিছু ক্ষেত্রে ছাড় পাওয়ার কারণে এক্ষেত্রে কিছুটা বৈষম্যের মুখে পড়ে স্থানীয় উত্পাদনকারীরা। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় এলপিজি সিলিন্ডার উত্পাদনকারীদের সংগঠন ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় এনবিআরের কাছে। গতকাল ভ্যাট ৫ শতাংশে নামিয়ে আনার আদেশ জারি করা হয়। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
