বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

বর্ণাঢ্য আয়োজনে উত্সবমুখর পরিবেশে সোমবার উদ্যাপন করা হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পিরোজপুর : বাদ জোহর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শিকদার, রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শিকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার রায়হান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক হাসান মামুন, আমিনুল ইসলাম ও মাসুম খান রাজ। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হাওলাদার। এছাড়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

নাটোর : জেলা আওয়ামী লীগের আয়োজনে কান্দিভিটুয়া অস্থায়ী দলীয় কার্যালয়ে কোরআন খতম ও মিলাদের আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনাসভায় অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

সিরাজগঞ্জ : জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা, দোয়া ও কেক কাটা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

মিরসরাই (চট্টগ্রাম) : উপজেলা যুবলীগের নেতাকর্মীরা মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে আলোচনাসভা, কেক কাটা ও র্যালির আয়োজন করে। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন মান্না।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিনের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হাজী জাফর আলী কলেজের প্রভাষক ও ইত্তেফাক সংবাদদাতা তরীকুল হাসান শাহীন।

চরফ্যাশন (ভোলা) : উপজেলা আওয়ামী লীগ কেক কাটা, শেখ হাসিনার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা, দোয়া এবং স্থানীয় এমপি আবদুল্যাহ আল ইসলাম জ্যাকবের পক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

মনপুরা (ভোলা) : উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজির হাট বাজার মার্কাস মসজিদে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনাসভা, দোয়া ও প্রতিবন্ধী এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বরিশালের গৌরনদী, রাজবাড়ীর গোয়ালন্দ, কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট, পাবনার সাঁথিয়া, নওগাঁর নিয়ামতপুর, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, যশোরের শার্শা, নেত্রকোনার খালিয়াজুরী, টাঙ্গাইলের নাগরপুর, ফরিদপুরের সালথা, ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার তিতাস উপজেলাসহ সারা দেশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া :প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

ত্রিশাল (ময়মনসিংহ) :জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. সুজন আলী, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

ভেদরগঞ্জ (শরীয়তপুর): ভেদরগঞ্জের সখীপুর থানা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের উদ্যোগে ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের চরভাগা পাইকবাড়ি আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ১ হাজার কোরআন শরিফ বিতরণসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম, আলোচনাসভা ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী শরিয়তউল্লাহ (র.)-এর বংশধর বাহাদুরপুর পিরসাহেব আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।