সিরাজগঞ্জে অর্জন হয়নি ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

সিরাজগঞ্জে এ বছর সরকারি ধান-চাল ক্রয়ের সংগ্রহ অভিযানের  লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করায় জেলার ৪৬৪টি চালকলের মধ্যে ৩৮টিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি আগামীতে দুই বছর চুক্তির অন্তর্ভুক্ত করা হবে না বলে জেলা খাদ্য  নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়।

সূত্র জানায়, সিরাজগঞ্জের ৯টি উপজেলায় প্রায় ২৬ হাজার টন ধান এবং প্রায় ২৩ হাজার টন চাল ক্রয়ের নির্দেশ দেওয়া হয়। জেলা ধান-চাল ক্রয় কমিটির নির্দেশনায় মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধান ক্রয় অভিযান শুরু হয়। এ অভিযান চলে ৩১ আগস্ট পর্যন্ত। পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে ধান সংগ্রহ হয়েছে ৮ হাজার ১৩ টন এবং চাল সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৪৯০ টন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান জানান, সংশ্লিষ্ট কৃষকরা হাটবাজারে ধানের ভালো দাম পাচ্ছে। এ কারণে খাদ্যগুদামে ধান নিয়ে আসতে তেমন আগ্রহ দেখাচ্ছে না। এতে সরকারের ধান সংগ্রহ কার্যক্রমে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করায় জেলার ৩৮টি চালকল কালো তালিকাভুক্ত করা হয়েছে।