চিতলমারীতে সোমবার ভোর রাতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ছয় জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটে। উপজেলার কালিগঞ্জ গ্রামের অহিদুল ইসলাম জানান, প্রতিবেশি সাইফুল হাওলাদারদের সঙ্গে জমিজমা নিয়ে তাদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে তাদের বাড়ির জায়গা দখল নেওয়ার চেষ্টা চালালে বাধা দিলে হামলা চালানো হয়। এতে ছয় জন আহত হয়। প্রতিপক্ষের সাইফুল হাওলাদার জানান, তিনি হামলার সঙ্গে জড়িত নন, তবে তাদের পক্ষের দুই জন আহত হয়েছে। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিতলমারী থানার ওসি মীর শরিফু হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
