শেখ হাসিনা সাহসী বিচক্ষণ ও দূরদর্শী নেত্রী :স্পিকার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী, বিচক্ষণ এবং দূরদর্শী নেত্রী। তিনি তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে গত ৩৯ বছর যাবত্ অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল সোমবার বিকালে নেত্রকোনা শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্পিকার আরো বলেন, শেখ হাসিনা ৭৫-এর দুঃখজনক কালরাতকে বুকে ধারণ করেই রাজনীতিতে এসেছেন। তখন তার স্বপ্ন সাধনা একটাই ছিল যে, বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন সোনার বাংলাকে নির্মাণ করা এবং বাস্তবায়ন করা। নিজের দলকে সুসংগঠিত করা। ক্ষণে ক্ষণে মৃত্যুঝুঁকি এবং পদে পদে বাধা অতিক্রম করেই তিনি বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্পিকার আরো বলেন, শেখ হাসিনার সংগ্রাম ছিল দেশের ভূলুণ্ঠিত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিক উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনার সংসদ সদস্য আশরাফ আরী খান খসরু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সুব্রত আদিত্য, সিন্ডিকেট সদস্য ড. অধ্যাপক ফকরুল আলম, সিন্ডিকেট সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান এবং রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন।