দেশের সর্ববৃহত্ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ‘ম্যুরাল’ গতকাল সোমবার উন্মোচন করা হয়েছে। নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারস্থ বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে ম্যুরাল উন্মোচন করেন। উন্মোচনের পূর্বে দোয়া-মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীরসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিসিসির কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু অডিটোরিয়ামের দক্ষিণ পাশের দেওয়ালে বিদেশি দামি মূল্যবান পাথর দিয়ে বঙ্গবন্ধুর বুকে জড়ানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগঘন এই ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

৫০ ফুট উঁচু এবং ৪০ ফুট প্রস্থের এ ম্যুরালের পেছনে জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। এটি দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল বলে বিসিসি সূত্র জানিয়েছে।