চট্টগ্রামে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত যাত্রী জসিম উদ্দিন (৪৭) গত রবিবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত শুক্রবার নগরীর জিইসি মোড়ে ঘটনায় গুরুতর আহত হন বাসযাত্রী জসিম। তার বাড়ি পটিয়া থানার দক্ষিণ ছনহরা গ্রামে। তিনি আগ্রাবাদ এলাকায় অবস্থিত এইচএনএস অটোমোবাইলসের উপব্যবস্থাপক ছিলেন। পুলিশ বাসটির হেলপার মো. আরিফ ও চালক রাকিবকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে আগ্রাবাদ চৌমুহনী থেকে ১০ নম্বর সিটি বাসে (চট্ট-মেট্রো জ-১১-২০৩১) উঠেন জসিম উদ্দিন। তার বাস ভাড়া আসে ৭ টাকা। তিনি বাসের হেলপারকে ১২ টাকা দিয়ে ৫ টাকা ফেরত দিতে বলেন। কিন্তু হেলপার ৪ টাকা ফেরত দেয়। বাকি ১ টাকা ফেরত দিতে বলায় হেলপার তার সঙ্গে খারাপ আচরণ করে। এতে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার ও চালক মিলে জসিমকে মারধর করে। রাত সাড়ে ১০টার দিকে জিইসি মোড় এলাকায় তাকে লাথি মেরে বাস থেকে ফেলে দেওয়া হয়।
