মুন্সীগঞ্জের গজারিয়ায় সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাকে প্রধান করে আহ্বায়ক কমিটি ঘোষণা করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে তারা বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল ও বিতর্কিতদের অপসারণের দাবি জানান। উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে অবস্থিত মোহাম্মদ আলী প্রধান প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, সদ্য ঘোষিত কমিটিতে মিজানুর রহমান নামে বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে। তিনি কোনো দিন বিএনপির আন্দোলন সংগ্রামে উপজেলা ছাত্রদলের পাশে ছিলেন না। তারা জানান, আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশে জীবন বৃত্তান্ত চাওয়া হলে মিজান নিজেকে টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক দাবি করে তথ্য পাঠান। যা যাচাই-বাছাইয়ে মিথ্যা প্রমাণিত হওয়ায় স্থগিত রাখেন কেন্দ্রীয় কমিটি। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিভ্রান্ত করে গুরুত্বপূর্ণ পদটি ভাগিয়ে নেন। এছাড়াও তারা বিতর্কিত যুগ্ম আহ্বায়ক জুরাত হোসেন ও শাহীন মাজহারুলকে আহ্বায়ক কমিটি থেকে অপসারণ করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সহসভাপতি শাজাহান বাবুল, সাবেক সহসভাপতি শাহ্ আলম, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফুয়াদ মৃধা, বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার সরকার, টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন সরকার মিশু, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুজ্জামান সানি প্রমুখ।
ছাত্রদলের সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ্ ফরিদ ও সাধারণ সম্পাদক ইসহাক আলী জানান, সাংগঠনিকভাবে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টার অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে বিতর্কিত কয়েক জনকে স্থান দেওয়া হয়েছে। তারাও বিতর্কিত আহ্বায়ক ভেঙে উপজেলা বিএনপির সহযোগিতায় যাচাই-বাছাই করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
