আঞ্চলিক নদী ব্যবস্থাপনায় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:১৬

নদী গবেষক, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মুক্তির জন্য আঞ্চলিক অভিন্ন নদী ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভারত-বাংলাদেশের মধ্যে যে সমঝোতা হয়েছে সেটির ভিত্তিতে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষ্যে রবিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খলিকুজ্জামান বলেন, নদী রক্ষায় ১৯৯৯ সালের পানিনীতি এবং ২০১৩ সালের পানি অ্যাক্ট বাস্তবায়নের মধ্য দিয়ে নদী সমস্যার সমাধান জরুরি। এজন্য সবার আগে যে কোনো পরিকল্পনার সঙ্গে ভুক্তভোগীদের সম্পৃক্ত করতে হবে।

‘নদী বাংলাদেশের জীবন :নদী বাঁচাই, পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই’—শীর্ষক এই সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ওয়েবিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তিস্তা রক্ষা আন্দোলনের আহ্বায়ক নজরুল ইসলাম হক্কানী, প্রকৌশলী মুহাম্মাদ হেলাজ্জুজামান হেলাল, নদী বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী, দৈনিক সমকালের সহসম্পাদক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, নড়াইলের চিত্রা নদী রক্ষা আন্দোলনের নেতা নজরুল ইসলাম প্রমুখ।