সিদ্ধিরগঞ্জে নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে আড়াই বছরের ছেলের সামনে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। গত রবিবার রাতে মিজমিজি সাহেবপাড়া নতুন রাস্তার ১ নম্বর সড়কের জসিমের নবনির্মিত চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার ঐ গৃহবধূ দুই জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত মহসিন গাজীপুর জেলা সদর থানার সারদাগঞ্জ এলাকার সামছুল বিশ্বাসের ছেলে ও রমজান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কেশবগঞ্জের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়, ধর্ষিতা গৃহবধূর স্বামী গত এক মাস ধরে নিখোঁজ। গত রবিবার আড়াই বছরের ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে খুঁজতে সন্ধ্যায় বাসা থেকে বের হন তিনি। রাতে তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে সাহেবপাড়া বাজার এলাকায় দেখা হয় তার। তখন মহসিন বলে, সে তার স্বামী কোথায় আছে জানে। তখন ওই গৃহবধূূ স্বামীর বন্ধুর সঙ্গে যেতে রাজি হয়। পরে মহসিন গৃহবধূকে ১ নম্বর সড়কের জসিমের নবনির্মিত চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ঘর ফাঁকা দেখে গৃহবধূ মহসিনকে তার স্বামী কোথায় জিজ্ঞাসা করে। এ সময় মহসিন জোর করে ওই গৃহবধূকে কক্ষের ভেতরে নিয়ে গিয়ে আড়াই বছরের ছেলের সামনে তাকে ধর্ষণ করে। এসময় রমজান নামে আরেকজন ওই কক্ষে প্রবেশ করে। পরে রমজানও তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না জানাতে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
