পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই এবং পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফকে গ্রেফতার করা হয়েছে। অর্থ পাচার মামলায় গতকাল সোমবার লাহোর হাইকোর্ট জামিনের আবেদন নাকচ করার পর দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) তাকে গ্রেফতার করে। তার দল পিএমএল-এন দাবি করেছে, নওয়াজ শরিফের পক্ষে কাজ করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। খবর ডনের
গতকালের শুনানিতে শাহবাজের আইনজীবী আ জ ম নাজির তারার বলেন, এ মুহূর্তে শাহবাজকে গ্রেফতার করলে তা হবে ন্যায়বিচারের পরিপন্থি। তিনি শাহবাজের বিরুদ্ধে অন্য মামলাগুলোকে ভুয়া দাবি করে বলেন, সামনে স্থানীয় সরকারের নির্বাচন। তাই সরকার চায় শাহবাজ শরিফ জেলেই থাকুন। তার দাবি, শাহবাজের কাছে যে নোটিশ পাঠানো হয়েছে তাতে তাকে অভিযুক্ত করার কথা উল্লেখ করা হয়নি। তবে ব্যুরোর আইনজীবী ফয়সাল বুখারি বলেন, শাহবাজ শরিফের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা প্রমাণিত। তার দাবি, ২০০৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে শাহবাজের সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিদেশে তিনি কীভাবে চারটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি। তার ব্যবসা কবে শুরু হয়েছে এবং কীভাবে তিনি আয় করেছেন তাও জানাতে পারেননি।
