নগর সংস্কৃতি

শিল্পের আলোয় শেখ হাসিনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২০

স্বাধীন দেশটি সোনার বাংলায় পরিণত করার রূপকার বঙ্গবন্ধু যে যাত্রা শুরু করেছিলেন তা যেন পূর্ণতা লাভ করেছে তার কন্যা শেখ হাসিনার হাত দিয়ে। তাই, জন্মদিনে ক্যানভাসে কবির হাতে লেখা কবিতার অক্ষরে শেখ হাসিনার প্রতি ঝরল ভালোবাসা। শিল্পীর ছবিতে, স্থাপনা শিল্পে শেখ হাসিনার সমগ্র জীবন ও তার সংগ্রাম উঠে এসেছে। উঠে এসেছে তার অর্জন। দেশের যত উন্নয়ন তাও তুলে আনা হয়েছে। গতকাল সোমবার ঢাকায় শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ‘উন্নয়নের কবি মানবতার মা’ শীর্ষক মাসব্যাপী এ শিল্প প্রদর্শনী।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজা জুড়েই স্থান পেয়েছে স্থাপনা শিল্প। বহুমাত্রিক শিল্পের আলোয় জন্মদিনে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এতে উঠে এসেছে প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনা ও ভবিষ্যত্ বাংলাদেশ নির্মাণের পরিকল্পনার চিত্র। উঠে এসেছে প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের নানা অধ্যায়। তার সামগ্রিক জীবন ও কর্ম প্রবাহ উঠে এসেছে এই বিশাল স্থাপনা শিল্পের আয়োজনে।

এ স্থাপনা শিল্পের নির্মাতা শিল্পী অভিজিত্ চৌধুরী জানান, স্থাপনা শিল্পে তুলে ধরা হয়েছে, বাংলাদেশের ১০০ বছরের ব-দ্বীপ পরিকল্পনা, শেখ হাসিনার বর্ণময় জীবন, বাংলাদেশের উন্নয়নের লেখচিত্র, লেখিকা শেখ হাসিনা, রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া ‘মাদার অব হিউম্যানিটি’, তার কাজের আন্তর্জাতিক স্বীকৃতি প্রভৃতি।

স্থাপনা শিল্পের পাশাপাশি প্রধানমন্ত্রীর চিত্রকর্ম, স্কেচ ও প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতার সঙ্গে শিল্পীর আঁকা ছবি স্থান পেয়েছে মাসব্যাপী এ বিশেষ প্রদর্শনীতে। শিল্পকর্মগুলোতে উঠে এসেছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড ও তার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা অধ্যায়। এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্য দিয়ে শেখ হাসিনাকে শিল্পের আবহে উপস্থাপন করা হয়েছে। ৫১টি স্কেচ, ১৪ জন কবির কবিতার সঙ্গে ১৪ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম, প্রধানমন্ত্রীকে নিয়ে শিল্পীদের আঁকা ১৩৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে গতকাল সোমবার একাডেমির চিত্রশালায় এ প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও সংস্কৃতি সচিব মো. বদরুল আরেফীন। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সচিব মো. নওশাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবনীতা চৌধুরী। উদ্বোধনী পর্ব শেষে ছিল বিশেষ সাংস্কৃতিক আয়োজন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে গান ও নৃত্য পরিবেশন করা হয়। গান গেয়ে শোনান শিল্পী ফাহমিদা নবী, এস আই টুটুল, আবরার টিপু প্রমুখ। নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। আবৃত্তি করেন বাচিক শিল্পী গোলাম সারোয়ার।

কে এম খালিদ বলেন, রাষ্ট্রের প্রয়োজনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেঁচে থাকা প্রয়োজন। তার মূল শক্তি হচ্ছে তৃণমূলের মানুষ। মানুষের সেই ভালোবাসার শক্তিতেই শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছেন।

সেলিনা হোসেন বলেন, শেখ হাসিনার জন্মের সঙ্গে জড়িয়ে রয়েছে গণমানুষের স্বার্থ। তার হাত ধরেই জাতি ও দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

লিয়াকত আলী লাকী বলেন, বাঙালির হাজার বছরের যে দর্শন ভাবনা তাকে জনমানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। শেখ হাসিনা তার পিতার দর্শনকে অবলম্বন করেই দেশগড়ার কাজ করে চলেছেন।

প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে এ প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন দর্শকরা। এছাড়া, একাডেমির ফেসবুক পেজে প্রদর্শনী দেখার সুযোগ রয়েছে।