ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২১

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের মাচা ছিঁড়ে তিন জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, ওসমান (৩০), শফিকুল (২২) ও ইনসান (২২)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওসমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মিরাটলী বাবুপুর গ্রামের সেলিম রেজার ছেলে। একই উপজেলার আটরশিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে শফিকুল। আর ইনসান একই জেলার সদর উপজেলার দক্ষিণ কৃষ্ণনাম গ্রামের শাহজালাল মিয়ার ছেলে। তারা নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, ধানমন্ডির ৩২ নম্বরে আহসানিয়া মিশনের পেছনে একটি নির্মাণাধীন ১০তলা ভবনের ১০ তলার বাইরের দেওয়ালে ঝুলন্ত বাঁশের মাচায় দাঁড়িয়ে নির্মাণ কাজ করছিলেন তিন জন শ্রমিক। এ সময় মাচাটি ভেঙে গেলে তারা তিন জনই নিচে পড়ে যান। এদের মধ্যে শফিকুল ঘটনাস্থলেই মারা যান। অপর দুজনকে গুরুতর অবস্থায় প্রথমে বেসরকারি একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ তিন জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন?্য ঢাকা মেডিক্যাল কলেজ  মর্গে পাঠায়।

ওসি আরো জানান, এ মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।