টিসিবির দুর্নীতি বন্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার তাগিদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২০

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিভিন্ন ধরনের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম রোধে স্থানীয় সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যানের মতামত গ্রহণ করারও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ডিলারদের কারসাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।

কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মাহবুব উল আলম হানিফ ও মুহিবুর রহমান মানিক অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দীন ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে টিসিবির জনবল বৃদ্ধির পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। আপতকালীন মজুত সক্ষমতা বৃদ্ধিরও পরামর্শ দিয়েছে কমিটি। ভোক্তা চাহিদা অনুযায়ী সপ্তাহের অন্যান্য দিনের মতো শুক্র ও শনিবারও  ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) উত্পাদিত খাদ্যপণ্য টিসিবির মাধ্যমে বিক্রির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বিষাক্ত দ্রব্য খালাসে দুর্ঘটনা মোকাবিলায় যন্ত্রপাতি সংগ্রহের সুপারিশ

এদিকে, গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিদেশ থেকে আসা জাহাজে আমদানিকৃত বিষাক্ত দ্রব্যাদি খালাসের সময় কোনো কারণে দুর্ঘটনা ঘটলে তা থেকে উদ্ধার এবং নিরাপত্তার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় পিপিই, মাস্ক ও আনুষঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহের সুপারিশ করা হয়েছে।