ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন ১২ নভেম্বর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২১

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ নভেম্বর। গতকাল নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সিনিয়র সচিব মো. আলমগীর এ দুই নির্বাচনের তপশিল ঘোষণা করেন। তিনি জানান, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ১৩ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ১৫ অক্টোবর বাছাই শেষে ২২ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ১২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ দুই আসনে ভোট হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৭১তম সভায় ভোটের এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়। সাহারা খাতুনের মৃত্যুতে ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

ইসি সচিব আলমগীর বলেন, সংবিধানে আসন শূন্য হওয়ার প্রথম ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে। করোনার কারণে এই সময়ে নির্বাচন করার চেষ্টা করেনি ইসি। এরপরে নির্বাচন কমিশন আরো ৯০ দিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই ৯০ দিন অতিক্রম করার সুযোগ সংবিধানে দেওয়া হয়নি। অতএব নির্বাচন কমিশনের সিদ্ধান্তে শিডিউল ঘোষণা করা হয়েছে। সচিব বলেন, ভাইরাসের বিস্তার রোধে ভোটের যে স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনেই ভোটের আয়োজন হবে। কিছু ব্যতিক্রম আছে, সেটা হলো ঢাকায় আগে নির্বাচন করলে যান চলাচল সব বন্ধ রাখা হত। এবার তা করা হবে না।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের ক্ষেত্রে ফি নির্ধারণের বিষয়টি আইনে আছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ফি নেওয়ার বিষয়টি আইনে না থাকলে আইন পরিবর্তনের বিষয়েও চিন্তা করছে ইসি।

ফাইল উপস্থাপন নিয়ে ক্ষুব্ধ কমিশনাররা : গতকাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় ফাইল উপস্থাপন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুই কমিশনার। গতকাল ইসির বৈঠকে আলোচনাসূচি ছিল নির্বাচন কমিশন (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮ (সংশোধনী ২০১৬)সহ এর সংশোধিত তপশিলে নবসৃজিত পদ অন্তর্ভুক্তকরণও বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানে ফি নির্ধারণ। এ দুই বিষয়ে ফাইল সভায় উপস্থাপন করা হলেও ইসির সংশ্লিষ্ট কমিটি কেউ কিছু জানেন না। এরপরেও কীভাবে ফাইল উপস্থাপন হলো তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন দুই নির্বাচন কমিশনার।

পাবনায় ভোট পড়েছে ৬৫ ভাগ : পাবনা-৪ আসনের উপনির্বাচনে ৬৫ ভাগের বেশি ভোট পড়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। কম বয়সিদের ভোটের লাইনে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, কেউ যখন লাইনে দাঁড়ায় তিনি ভোটার কি না, তা তো তখন চেক করা যায় না। পাবনার উপনির্বাচনে কম বয়সিদের ভোট দেওয়া (জালভোট) দেওয়ার প্রমাণ কেউ নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করলে কমিশন তদন্ত করবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। তিনি বলেন, তবে আমার কাছে কাগজপত্রে এসেছে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

ঢাকা-৫ উপনির্বাচনে প্রতীক পেলেন পাঁচ প্রার্থী : এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক প্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলামকে নৌকা, বিএনপি-সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীক পান। এছাড়া জাতীয় পার্টি-জাপার প্রার্থী মীর আব্দুস সবুরকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি-সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস-সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক প্রদান করা হয়।

ঢাকা-৫ আসনের দীর্ঘদিনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৭ অক্টোবর ইভিএমে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁ-৬ আসনের উপনির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে।