এবারের আইপিএল সম্ভবত নাটকীয়তায় সব আসরকে ছাড়িয়ে যাচ্ছে। একটার পর একটা রুদ্ধশ্বাস ম্যাচ।
গতকাল অবিশ্বাস্যভাবে পেছন থেকে এসে ম্যাচ টাই করল মুম্বাই ইন্ডিয়ান্স। আবার সেই ম্যাচই সুপার ওভারে জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আগে ব্যাট করা ব্যাঙ্গালুরু ৩ উইকেটে ২০১ রান করেছিল। ফিফটি করেন এবি ডি ভিলিয়ার্স, পাড়িকাল ও অ্যারন ফিঞ্চ। জবাব দিতে নেমে একেবারেই বিপাকে ছিল মুম্বাই। ২৪ বলে ৮০ রান দরকার ছিল এক সময় তাদের। সেখান থেকেই টানা দুই ওভারে ঝড় চালান পোলার্ড ও ইশান কিশান। ১২ বলে তুলে নেন ৪৯ রান। পরের দুটো ওভার ভালো গেল না। ৯৯ রানে আউট হন কিশান। মুম্বাইয়ের শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল। পোলার্ড চার মেরে টাই করেন ম্যাচ।
সুপার ওভারে আগে ব্যাট করা মুম্বাই করে ৭ রান। জবাবে শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেন ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলি।
সংক্ষিপ্ত স্কোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ২০ ওভারে ২০১/৩ (ডি ভিলিয়ার্স ৫৫*, পাড়িকাল ৫৪, ফিঞ্চ ৫২; বোল্ট ২/৩৪)।
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ২০১/৫ (কিশান ৯৯, পোলার্ড ৬০*; উদানা ২/৪৫)।
ফল: ম্যাচ টাই
সুপার ওভার: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জয়ী
