প্রধানমন্ত্রীর জন্মদিনে অসহায়দের রিক্সা বিতরণ আওয়ামী লীগ নেতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১১

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের অসহায় রিক্সা চালদের মাঝে ১৪টি প্যাডেল রিক্সা উপহার দেন।

হাবিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামিম, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবাহান চৌধুরী জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।

অনুষ্ঠানে হাবিব হাসান বলেন, এক সময়ের দারিদ্র-দুর্ভিক্ষে জর্জরিত থাকা বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের অভিযাত্রায় এগিয়ে চলেছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি