শিশু শিক্ষার্থীদের বিষপ্রয়োগের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৮

চীনে ২৫ জন শিশু শিক্ষার্থীকে বিষপ্রয়োগ এবং এক  শিক্ষার্থীকে  হত্যার দায়ে ওয়াং ইউন নামের একজন শিক্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বছর  জিয়াজুও শহর একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশুদের  সকালের নাস্তার সঙ্গে বিষ মিশিয়ে দেন ওই শিক্ষক। তখন ওই শিশুদেরকে হাসপাতালে পাঠানো হয় । এই ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। পরে পুলিশ  তদন্ত করে ওয়াং ইউনকে গ্রেফতার করে। 

আদালত জানায়, ওয়াং ইউন শিক্ষার্থীদের সকালের নাস্তার সঙ্গে সোডিয়াম নাইট্রাইট মিশিয়ে দেন। শিক্ষার্থী ব্যবস্থাপনা নিয়ে সহকর্মীর সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রতিশোধ নেওয়ার জন্যই ওয়াং ইউন শিশুদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেন বলে জানিয়েছেন আদালত। 

 গত বছরের ২৭ মার্চ  চীনের স্কুলে এই বিষপ্রয়োগের ঘটনা ঘটে। এই ঘটনা বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমেও প্রকাশিত হয়। 

 চীনের আদালত জানায় যে, ওয়াং ইউন অনলাইনের মাধ্যমে সোডিয়াম নাইট্রাইট কিনেছিলেন । এর আগেও ওয়াং ইউন  তার স্বামীকেও বিষপ্রয়োগ করে হত্যা করতে চেয়েছিলেন । বিষপ্রয়োগের পর ওয়াং ইউনের স্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন তবে তা গুরুতর ছিলনা বলে চীনের আদালতের পক্ষ থেকে বলা হয়েছে। 

প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ অথবা ফায়ারিং স্কোয়াডে গুলি করে  ওয়াং ইউনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে আদালতের রায়ে বলা হয়েছে। 

ইত্তেফাক/এআর