বহুল আলোচিত বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার রায় বুধবার ঘোষণা করা হবে।
এজন্য পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের প্রতিটি ফটক ও বাউন্ডারি ঢেলে সাজানো হয়েছে।
রায় ঘোষণা করবেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। তিনি গত ১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় এ রায়ের তারিখ ঘোষণা করেন।
মূল দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমন দাবি রিফাতের পরিবারের। অন্যদিকে সঠিক বিচার প্রত্যাশা করছেন মিন্নির বাবা।
রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন। এর মধ্যে মো. মুসাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আদালত সূত্র জানায়, মুসার অনুপস্থিতিতেই তাকেসহ ১০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন বিচারক। যেদিন থেকে মুসা গ্রেফতার হবে সেদিন থেকেই তার বিরুদ্ধে রায়ের দণ্ড কার্যকর হবে।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কোপানো হয়। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
