এবারের আইপিএল এখনো মাঝ পথেও পৌঁছায়নি। কিন্তু টুর্নামেন্ট এর মধ্যেই একেবারে জমজমাট হয়ে উঠেছে। প্রায় প্রতি ম্যাচে অবিশ্বাস্য সব রান তাড়া হচ্ছে। সোমবার রাতেই এবারের আইপিএল দ্বিতীয় টাই ম্যাচ দেখল। সুপার ওভারে জিতল ব্যাঙ্গালুরু।
তবে জয় পরাজয় নয়, এই ম্যাচের পর দুই দলের অধিনায়কই উচ্ছ্বসিত ম্যাচের এই রোমাঞ্চ নিয়ে। এই ম্যাচে অবিশ্বাস্যভাবে পেছন থেকে এসে ম্যাচ টাই করে মুম্বাই ইন্ডিয়ান্স। আবার সেই ম্যাচই সুপার ওভারে জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
ম্যাচশেষে বিজয় অধিনায়ক বিরাট কোহলি বলছিলেন, ‘আমি কথা খুজে পাচ্ছি না। এটা রোলার কোস্টারের মতো একটা যাত্রা ছিল। আমরা এবং ওরা যেভাবে এই ম্যাচ খেলেছি, তা অবিশ্বাস্য ছিল।’
হেরে গেলেও যেভাবে ম্যাচে ফিরেছিলেন, তা নিয়ে উচ্ছ্বসিত মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে আগে ব্যাট করা ব্যাঙ্গালুরু ৩ উইকেটে ২০১ রান করেছিল।জবাব দিতে নেমে একেবারেই বিপাকে ছিল মুম্বাই। ২৪ বলে ৮০ রান দরকার ছিল এক সময় তাদের। সেখান থেকেই টানা দুই ওভারে ঝড় চালান পোলার্ড ও ইশান কিশান। ১২ বলে তুলে নেন ৪৯ রান। পরের দুটো ওভার ভালো গেল না। ৯৯ রানে আউট হন কিশান। মুম্বাইয়ের শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল। পোলার্ড চার মেরে টাই করেন ম্যাচ। সুপার ওভারে আগে ব্যাট করা মুম্বাই করে ৭ রান। জবাবে শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করে দেন কোহলি।
