মরুর বুকে চলমান আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই। দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে ডাক পেলেও আইপিএলে খেলার সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্সকে ‘না’ করে দিতে হয়েছে তাকে। কারণ শ্রীলঙ্কা সফরের জন্য বাঁহাতি এই পেসারকে ছাড়পত্র দেয়নি বিসিবি।
মুস্তাফিজের দুর্ভাগ্য, প্রায় দুই মাসব্যাপী আলাপ-আলোচনার পর শেষ পর্যন্ত বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও স্থগিত হয়ে গেছে। আইপিএলে খেলার সুযোগ নষ্ট হয়ে অন্তত কোটি টাকা হারালেন কাটার মাস্টার খ্যাত এ পেসার। শুধু চুক্তি থেকেই এই অর্থ উপার্জনের সুযোগ ছিল তার। যার আক্ষেপে এখন পুড়তেই পারেন মুস্তাফিজ।
গতকাল সংবাদ মাধ্যমকে বাঁহাতি এই পেসার বলেছেন, ‘সিরিজটা হলে ভালো হতো। সিরিজটা হবে না প্রথম থেকে জানতে পারলে হয়তো বিসিবি আইপিএলের জন্য এনওসি দিত। যা হয় ভালোর জন্যই হয়। এবার আইপিএল খেলতে পারলে ১ কোটি টাকা পেতাম।’
মূলত কোয়ারেন্টাইন ইস্যুতেই বাংলাদেশের লঙ্কা সফর স্থগিত হয়ে গেল। তবে শ্রীলঙ্কার আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে মুস্তাফিজের। গতকাল তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কা যেভাবে আমাদের ১৪ দিন কোয়ারেন্টাইন করতে বলেছিল এটা তো সম্ভব না। ঘরে বসে থেকে তো আপনি এত গুরুত্বপূর্ণ একটি সিরিজ খেলতে পারবেন না। আপনি যত ভালো অনুশীলনই করেন না কেন ১৪ দিন ঘরে বসে থেকে খেলাটা কঠিন। বিসিবি তো চেষ্টা করেছেই। তাছাড়া ১৪ দিনের কোয়ারেন্টাইন ওদের আইন। আমার মনে হয় এর প্রতি আমাদের সম্মান দেখানো উচিত।’
