ফিরে এসে জিতল লিভারপুল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

গেলো মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে এক মাসের ব্যবধানে দুই বার হারিয়েছিল আর্সেনাল। প্রিমিয়ার লিগে সোমবার রাতে মুখোমুখি হওয়ার আগে তাই ঘুরেফিরে প্রতিশোধ উঠে আসছিল কোচ য়ুর্গেন ক্লপের কথাবার্তায়। নিজেদের মাঠ অ্যানফিল্ডে সেই লিভারপুলই কিনা ২৫ মিনিটে আলেক্সান্দার লাকাজেতের গোলে পিছিয়েই পড়ে। যার কারণে আর্সেনালের কাছে আরো একবার হারের শঙ্কা মাথাচাড়া দিচ্ছিল অল রেড শিবিরে। তবে এরপরই ব্যাপারটা সামলে নিয়েছে ক্লপের শিষ্যরা। ২৮ আর ৩৪ মিনিটে সাদিও মানে ও অ্যান্ড্রু রবার্টসনের গোলে এগিয়ে যায় দলটি। ৮৮ মিনিটে লিভারপুলে নতুন যোগ দেওয়া ডিয়েগো জোটা লক্ষ্যভেদ করে ম্যাচের অনিশ্চয়তা দূর করে দেন। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।