ছাতকে প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে সেলিম মিয়া (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে ছাতক পৌর শহরের আপন হোটেলের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। সে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের মৃত ফয়জুর রহমানের পুত্র। জানা যায়, পেশায় সিএনজি চালক সেলিম মিয়া শহরের আপন হোটেলের দ্বিতীয় তলায় তিন মাস ধরে ভাড়ায় বসবাস করত। তার স্ত্রী সামছিয়া বেগম গত দুই বছর ধরে সৌদি আরবে গিয়ে গৃহকর্মীর কাজ করে আসছিল। দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রীর ওপর অভিমান করে তাকে ভিডিও কলে রেখেই ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয় সে। সঙ্গে সঙ্গে সামছিয়া বেগম ফোন কেটে নিজ বাড়িতে জানালে লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই মৃত্যুবরণ করে সে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় মোবাইল ফোনটিও উদ্ধার করে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
