এলজিইডির অধীনে থাকা শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর এলাকার কিয়ামতলী বাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ কাঁচা সড়কের স্থানে স্থানে কাদা জমে বেশির ভাগ স্থান পরিণত হয়েছে মরণফাঁদে। এতে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে বিপাকে পড়তে হয় গর্ভবতী নারী ও অসুস্থ লোকদের নিয়ে। সড়কটি দ্রুত পাকাকরণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দাসহ চলাচলকারীরা। মঙ্গলবার সরজমিন জানা গেছে, এ সড়ক দিয়ে কুড়িপাড়া, মণ্ডলপাড়া, সরকারপাড়া, বালুঘাট, নবীনগরসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করে।
স্থানীয়রা ছাড়াও সড়কটি দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী বকশীগঞ্জ ও ইসলামপুরের ফুলকারচর, টানাব্রিজ এলাকার বিপুলসংখ্যক লোক চলাচল করে। এ ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, পাঁচ কিলোমিটার দীর্ঘ এসড়কটি পাঁকা করতে যে পরিমাণ টাকার প্রয়োজন তা ইউনিয়ন পরিষদ থেকে বহন করা সম্ভব নয়। এজন্য সড়কটি পাকাকরণের ব্যাপারে স্থানীয় এমপি ও প্রশাসনের কাছে একাধিকবার জানানো হয়েছে। সড়কটির দুরবস্থার সত্যতা নিশ্চিত করে এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন বলেন, ঐ সড়কের এক কিলোমিটার পাকাকরণের জন্য বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত কাজ শুরু হবে। পরে বরাদ্দ পেলে অবশিষ্ট সড়কও পাকাকরণ করা হবে।
