কুষ্টিয়ায় ভুয়া এনআইডি কার্ড তৈরি চক্রের চার সদস্য গ্রেফতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

কুষ্টিয়ায় ভুয়া এনআইডি কার্ডে অন্যের সম্পত্তি বেচা-বিক্রির জালিয়াত চক্রের এক নারীসহ চার সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, কুষ্টিয়া শহরের ১১০, নবাব সিরাজউদ্দৌলা সড়কস্থ এমএমএ ওয়াদুদের স্বত্ব দখলীয় মালিকানা সম্পত্তি ভুয়া এনআইডি কার্ডধারী সংঘবদ্ধ একটি চক্র দলিলমূলে অন্যের কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় ওয়াদুদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথম দফায় জালিয়াতির চক্রের মূল হোতাসহ সাত জনকে গ্রেফতার করে। পরবর্তীকালে গ্রেফতার করা হয় আরো চার জনকে। কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ভুয়া এনআইডি কার্ড তৈরি ও জালিয়াতির সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।