শেয়ারবাজার

মার্জিন ঋণের নির্দেশনায় সংশোধনী এনেছে বিএসইসি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর সঙ্গে সামঞ্জস্য করে গত ২১ সেপ্টেম্বর জারি করা মার্জিন ঋণ প্রদানের নির্দেশনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে গত সোমবার নতুন নির্দেশনা জারি করেছে কমিশন।

গত ২১ সেপ্টেম্বর বিএসইসির মার্জিন ঋণের নির্দেশনায় বলা হয়েছিল, ডিএসইএক্স সূচক ৪ হাজারের নিচে থাকাকালীন মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ১:১ হারে মার্জিন ঋণ দিতে পারবে। অর্থাত্ গ্রাহকের নিজস্ব ১০০ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ১০০ টাকা মার্জিন ঋণ দেওয়া যাবে। এক্ষেত্রে নতুন নির্দেশনায় বলা হয়েছে যে, ডিএসইএক্স সূচক ৪ হাজারের নিচে থাকাকালীন মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ১:০.৭৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে। নতুন নির্দেশনায় ৪ হাজার ১ থেকে ৭ হাজার পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৭ হাজারের উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে বলে বলা হয়েছে।

বিএসইসির এই নতুন নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২১ সেপ্টেম্বরের নির্দেশনায় বলা হয়েছিল, সূচক ৪ হাজার ১ থেকে ৫ হাজার পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৭৫ হারে। অর্থাত্ ১০০ টাকা বিনিয়োগের বিপরীতে ৭৫ টাকা ঋণ পেতে পারেন একজন গ্রাহক। ৫ হাজার ১ থেকে ৬ হাজার পর্যন্ত সূচকের ক্ষেত্রে গ্রাহক ৫০ টাকা এবং এর ৬ হাজারের উপরের সূচকের ক্ষেত্রে ২৫ টাকা মার্জিন ঋণ দিতে পারবে। এই আদেশ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। বর্তমানে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অর্ধেক বা ১০০ টাকা বিনিয়োগ থাকলে ৫০ টাকা মার্জিন ঋণ পান। সব সূচকের ক্ষেত্রেই এ নিয়ম। শেয়ারবাজারে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সুদের বিনিময়ে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ থেকে মার্জিন ঋণ নিতে পারেন।